ঢাকার ধামরাইয়ে এক এনজিও কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছিনতাইকারীরা। তার নাম ইসমাইল হোসেন (২৩)। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের গাঁওতারা ব্রিজের নিচে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাজিব হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে।
একই ইউনিয়নের আমরাইল গোনাপাড়া গ্রামের ইসমাইল গুমগ্রাম বাজারে অবস্থিত সন্ধিমানব উন্নয়ন সংস্থায় মাঠকর্মী হিসেবে কাজ করতেন।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে গাঁওতারা গ্রামে এনজিওর ঋণের টাকা উঠিয়ে সাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন ইসমাইল। এ সময় রাজিবসহ তিন ছিনতাইকরী তার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু টাকার ব্যাগ দিতে রাজি না হওয়ায় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।