আলোচনার মাধ্যমে কৃষকদের আন্দোলনে ইতি টানার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল বুধবার প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ এ পরামর্শ দিয়ে পর্যবেক্ষণে বলেছে, ‘আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান না হলে কৃষক আন্দোলন শিগগিরই জাতীয় সমস্যা হয়ে উঠবে।’
আনন্দবাজার বলছে, কৃষক বিলে তাদের কোনো ক্ষতি হবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র কৃষকদের আশ্বাস দিয়েছেন। তবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে সরকারের যুক্তি খারিজ করে। একাধিক কেন্দ্রীয় মন্ত্রী কৃষকদের সঙ্গে আলোচনায় বসলেও এখনো সমাধান মেলেনি। এ বিষয়ে প্রধান বিচারপতি বলেন, ‘এভাবে চললে আপনাদের আলোচনা ফের ব্যর্থ হবে। ওরা (কৃষকরা) রাজি হবেন না। এমন একটি নাম বলুন, যিনি সামনে আসতে পারেন। সমস্যার সমাধানে বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করুন।’