মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বুধবার সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার দলবির শিংয়ের কাছে বিজিবির পক্ষ থেকে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান ও দুই বাহিনীর পক্ষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন। এর আগে একই পথ দিয়ে বিএসএফের আমন্ত্রণে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে ভারতে অনুষ্ঠিত বৈঠকে যোগ দিতে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জহুরুল হক ও রংপুর জোনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাওসার হাসানসহ বিজিবির একটি প্রতিনিধিদল ভারতে গমন করেন। এ সময় সীমান্তের শূন্যরেখায় বিএসএফের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানানো হয়।