রাজধানীর হাজারীবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় হাসান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী জাকারিয়া হোসেন (২৩)।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় জাকিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত ১২টায় মৃত ঘোষণা করেন। গতকাল বুধবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। নিহত হাসানের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্দিপুর গ্রামে। তার বাবার নাম হেলাল খান। স্ত্রী মাহমুদা শীলাকে নিয়ে কামরাঙ্গীরচর বড়গ্রাম বড় মসজিদ এলাকায় থাকতেন। পেশায় টেইলার্সের দর্জি ছিলেন।
হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, রাতে হাসান ও তার এক বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় হাজারীবাগ ফায়ার সার্ভিস অফিসের পাশে স্লিপ কেটে পড়ে গিয়ে ১৫-১৬ ফুট ছেঁচড়িয়ে যান হাসান। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসানকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।