মোহাম্মদপুরে সন্ত্রাসীদের গুলিতে এএসআই আহত

রাজধানীর মোহাম্মদপুরে এক সন্ত্রাসীকে গ্রেপ্তারের অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের বৈশাখী রোডে ওই ঘটনায় একজন এএসআই গুলিবিদ্ধ হয়েছেন। পরে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মোহাম্মদপুর বৈশাখী রোড এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ।

ইব্রাহিম নামের এক সন্ত্রাসী ও মাদক কারবারি ওই বাসায় অবস্থান করছে, এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। বাসাটিতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইব্রাহিম গুলি ছোড়ে। একটি গুলি এএসআই উজ্জ্বলের হাঁটুর উপরে লাগে।

পুলিশও পাল্টা গুলি চালালে ইব্রাহিমের গায়ে লাগে। পরে তাকে একটি রিভলবারসহ গ্রেপ্তার করা হয়।

আহত দু’জনকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।