সাতক্ষীরায় রাতের আঁধারে অতিথি পাখি শিকারকালে দুই চোরাশিকারিকে আটক করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের আটক করা হয়।
এ সময় জব্দ করা হয় গুলিবিদ্ধ বিভিন্ন প্রজাতির ২০টি পাখি, একটি রাইফেল ও একটি মোটরসাইকেল।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।
আটকরা হলেন- আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের সেতপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আজমল হুদা (৩৫) ও শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের হায়দার আলীর ছেলে রফিকুল ইসলাম (২৬)।
সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া এলাকায় অভিযান চালিয়ে পাখি শিকাররত অবস্থায় উক্ত দুই চোরাশিকারিকে আটক করা হয়।
এ সময় গুলিবিদ্ধ বিভিন্ন প্রজাতির ২০টি পাখি, একটি রাইফেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটকদের নামে নিয়মিত মামলা দেওয়ার নির্দেশনা দিয়ে রাতেই সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় আটকদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।