সালাউদ্দিন বললেন, আমরা ‘ই’ গ্রেডের মানুষ

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে কোচদের বেতন ডি গ্রেড ক্রিকেটারদের চেয়েও কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেশের সফলতম কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বিপিএলে দুইবার শিরোপা এনে দেয়া সালাউদ্দিন বঙ্গবন্ধু কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের কোচ। তার দল উঠেছে ফাইনালে। যখন আরেকটি টি-টুয়েন্টি শিরোপা জয়ের হাতছানি সামনে, শোনালেন আক্ষেপের কথা।

‘‘এদেশে কোনো মূল্যায়ন হয় কি না, আমি জানি না। দেখেন, আমরা ‘ই’ গ্রেডের মানুষ। ‘ডি’ গ্রেডের একটা খেলোয়াড় যা পাচ্ছে, তা কিন্তু একটা কোচও পাচ্ছে না। তাহলে কেনো আমি আরেকটা কোচকে বলবো তুমি এই পেশায় আসো। আমরা ‘ই’ গ্রেডের মানুষ, সহকারী কোচরা হয়তো ‘এফ’ গ্রেডের মানুষ। ট্রেনার ‘জি’, ‘এইচ’ অথবা এমন হবে আরকি। আমার মনে হয় সঠিক মূল্যায়ন করা উচিত। আমাদের কোচদের মূল্যায়ন না করা মানে হচ্ছে টিমের প্রতি আমাদের কোনো প্রভাব নাই।’’

টুর্নামেন্টে ডি গ্রেড ক্রিকেটার পাচ্ছেন ৪ লাখ টাকা। সেখানে হেড কোচদের পারিশ্রমিক ধরা হয়েছে ৩ লাখ টাকা।

সালাউদ্দিন কোচ হিসেবে গাজী গ্রুপে দীর্ঘ মেয়াদে চুক্তিবদ্ধ হওয়ায় বিসিবির পারিশ্রমিক নিতে হচ্ছে না তাকে। তবে সব কোচদের সেই অবস্থা নেই।

বাংলাদেশে স্থানীয় কোচদের অবমূল্যায়নের বিষয়ে ফাইনালের আগেরদিন তিনি বলেন, ‘আমি এখানে কোনো পারিশ্রমিক নিচ্ছি না। গাজী গ্রুপে জব করি। কোচের পারিশ্রমিকের ব্যাপারে আমি খুব লজ্জিত। আমি সারাজীবনই চেয়েছি বাংলাদেশে যেন কোচেরা আসে, আরও খেলোয়াড় আসুক যারা কোচিং করাতে চায়। তারা যেন একটা ভালো স্ট্যাটাস নিয়ে বাঁচতে পারে। আমার কাছে মনে হয় এ ধরনের পারিশ্রমিকে কখনই কোনো ছেলেকে বলবো না তোমরা কোচিংয়ে আসো।’