৭২ ঘণ্টার মধ্যে রংপুর শ্যামপুরের চিনিকলে আখমাড়াই কার্যক্রম শুরু করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন কর্মকর্তা-কর্মচারী শ্রমিকেরা।
চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছে রংপুর শ্যামপুর চিনিকলের কর্মকর্তা-কর্মচারী ও আখ চাষিদের সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। আন্দোলনে যোগ দিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার চিনিকলের সামনে সকাল নয়টা থেকে অবস্থান নিয়ে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক বুল আমীন, আখ চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সাগর, শ্যামপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের আহ্বায়ক আবু সুফিয়ান, ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আখতারুল বাদশা, সাবেক সহ সভাপতি রশিদুল ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম মণ্ডল, আখ চাষি সমিতির ইউনিট সভাপতি মোয়াজ্জেম হোসেন, বৃহৎ আখ চাষি শহিদুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা উজ্জ্বল বিশ্বাস, আহাদ আলী, ইক্ষু উন্নয়ন সহকারী নাহিদা আখতার প্রদ্যোৎ কুমার পাল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার সেখান থেকে সরে না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আন্দোলনকারীরা শ্যামপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালককে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেছেন এর মধ্যে শ্যামপুর এলাকার আখ মাড়াই করার সিদ্ধান্ত দেওয়া না হলে তারা জমির আখ কেটে অন্য আবাদ করবেন।
এতে মিলের ঋণের টাকার কোন দায় দেনা তারা নেবেন না। এ সময় আন্দোলনে অংশ নেওয়া পরিবারের সদস্য এবং শ্রমিকেরা বলছেন, মিলটি চালুর সিদ্ধান্ত থেকে সরে না আসলে তাদের জীবন এবং জীবিকা হুমকির মুখে পড়বে।
শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন সাধারণ সম্পাদক বুল আমিন বলেছেন, ১৫ ডিসেম্বরের মধ্যে মিল চালুর জন্য আমরা একধরনের আন্দোলন করেছি। কিন্তু সরকার এ ব্যাপারে এখন পর্যন্ত কোন ধরনের উদ্যোগ নেয়নি। এ কারণে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্থানীয়ভাবে প্রতিদিনই আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবেই আমরা সরবো না।
অন্যদিকে, শ্যামপুর আখ চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সাগর জানিয়েছেন, আখ চাষি কল্যাণ সমিতি ও এমপ্লয়িজ ইউনিয়নের যৌথ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে বন্ধ করা ৬ টি মিল এলাকার কোন আখ অন্য মিলে মাড়াই করার জন্য দেওয়া হবে না। সরকার কিংবা মিল কর্তৃপক্ষ এরপরেও আখ নেওয়ার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।