নেইমার নেই, দায়িত্বটা কাঁধে তুলে নিলেন কিলিয়ান এমবাপে। তার পেনাল্টি গোলেই লরেন্তের বিপক্ষে জয়ের সূচনা পায় পিএসজি। পরে ময়েস কিনের গোলে ২-০তে জয় নিশ্চিত করে ফরাসি চ্যাম্পিয়নরা।
বুধবারের জয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে উঠেছে পিএসজি। নিজেদের ম্যাচে দুই নম্বরে থাকা লিওঁ ২-২ গোলে ব্রেস্তের সঙ্গে ড্র করে। এতে লিওঁকে টপকে যায় পিএসজি। বর্তমানে সমান ১৫ ম্যাচে দলটির পয়েন্ট ৩১ আর লিওঁর ৩০। পরের ম্যাচেই শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছে টুখেলের দল। রবিবার ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিলের সঙ্গে ম্যাচ পিএসজির। সে ম্যাচেই ফিরতে পারেন নেইমার এমন সম্ভাবনার খবর দিয়েছেন কোচ টমাস টুখেল। গত রবিবার লিওঁর বিপক্ষে গোড়ালিতে চোট পাওয়া ব্রাজিলিয়ানকে নিয়ে পিএসজি কোচ বলেন, ‘আমরা সুসংবাদের অপেক্ষায়। আমি এখনই বলছি না পরের ম্যাচে সে থাকবে না, এখনো সম্ভাবনা আছে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত নেইমারের জন্য অপেক্ষা করব।’