একুশে পদক পাওয়া শিল্পী আবু তাহের মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী আবু তাহের শুক্রবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। 

দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন তিনি। তার ছোট ছেলে আবু মনজুর সাইফ দেশ রূপান্তরকে এ শিল্পীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। 

সাইফ বলেন, বাবা আড়াই বছর ধরে ব্রেন, কিডনির  জটিলতাসহ বার্ধক্যের নানা অসুখে ভুগছিলেন। তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ ছিল। বিগত বেশ কয়েক দিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

শিল্পী তাহেরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বাদ জোহর বারিধারা ডিওএইচএস জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।   

শিল্পী আবু তাহেরের জন্ম ১৯৩৬ সালে। তিনি ১৯৬৩ সালে ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে বিএফএ ডিগ্রি নেন। শিল্পকলায় অবদানের জন্য একুশে পদকসহ বিভিন্ন পদক ও পুরস্কার পেয়েছেন তিনি।