ওসমানী বিমানবন্দরে ২ কেজি সোনাসহ দুবাইফেরত যাত্রী আটক

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি ওজনের ১৪টি সোনার বার ও স্বর্ণালংকারসহ দুবাইফেরত যাত্রী জামিল আহমদকে (২৮) আটক করা হয়েছে। আটক সোনার দাম প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা।

শুক্রবার সকাল পৌনে ৯টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর ফ্লাইটে জামিল ওসমানীতে এসে পৌঁছেন। আটক জামিলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায়।  

ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক আল আমিন জানান, গোপনসূত্রে খবর পেয়ে দুবাই থেকে আসা জামিল আহমদের ওপর বিশেষ নজরদারি রাখা হয়েছিল। তাকে পাহারা দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পর্যন্ত নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অস্বীকার করলেও এক পর্যায়ে তার সঙ্গে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন। এরপর তার পায়ের উরুতে বিশেষভাবে বাঁধা অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার হাতের ব্যাগ থেকে আরও ২টি স্বর্ণের বার ও বেশকিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

মামলা দায়ের শেষে জামিলকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।