নাইজেরিয়ায় অপহৃত ৩৪৪ শিক্ষার্থীর মুক্তি

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ক্যাটসিনা অঙ্গরাজ্যের কানকারার একটি সরকারি বিজ্ঞান স্কুলে হামলা চালিয়ে অপহরণ করা ৩৪৪ ছাত্রকে এক সপ্তাহ পর মুক্তি দিয়েছে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। ক্যাটসিনা অঙ্গরাজ্যের গভর্নরের মুখপাত্র বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র আবদুল লাবরান জানান, ওই স্কুলছাত্রদের দেশটির আঞ্চলিক রাজধানী ক্যাটসিনা সিটিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং খুব শিগগিরই তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তবে কোন প্রক্রিয়া বা বিনিময়ের মাধ্যমে তাদের মুক্ত করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি।

এদিকে স্কুলছাত্রদের মুক্তি দেওয়ার প্রায় এক ঘণ্টা আগেই জঙ্গিগোষ্ঠী বোকো হারাম একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে কিছু স্কুলছাত্রকে দেখানো হয় এবং উল্লেখ করা হয়, নাইজেরিয়ার বিমানবাহিনীর হামলায় কেউ কেউ মারা গেছে।