চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হাসান এখনো পদবি ব্যবহার করছেন। সম্প্রতি বিজয় দিবস উপলক্ষে বহিষ্কৃত এই নেতা দলের পদবি ব্যবহার করে শহরে পোস্টার সেঁটেছেন।
ঈশ্বরদী থানা পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হাসানসহ শহরের শেরশাহ রোড কাঁঠালতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সজীব হোসেন (২২), আলোবাগ মোড়ের মো. মিন্টুর ছেলে নাঈম হোসেন (২০) মিলে ইপিজেডের একটি প্রতিষ্ঠানের ম্যানেজারকে মারধর করে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হলে আদালত ছাত্রলীগ নেতা সাব্বিরকে গত ১২ অক্টোবর কারাগারে পাঠায়। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগ বিজ্ঞপ্তির মাধ্যমে সাব্বির হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়।
পরে বহিষ্কৃত সাব্বির জামিনে এসে সম্প্রতি বিজয় দিবসে পদবি ব্যবহার করে ঈশ^রদী পৌরসভাসহ আশপাশের এলাকায় পোস্টার সাঁটান। সাব্বির হাসান বলেন, আমার নামে যে ব্যক্তি মামলা করেছিলেন তার সঙ্গে সমঝোতা হয়ে গেছে। খুব শিগগির আপনাদের সামনে বিষয়টি নিয়ে হাজির হব।