বিশ্বসেরা লেভানডোস্কি

যা হওয়ার তাই হয়েছে। ২০২০ সালে করোনা আক্রান্ত বছরে ফিফার দ্য বেস্ট ফুটবলার হয়েছেন রবার্ট লেভানডোস্কি। ফলে গত দশ বছরে লুকা মদ্রিচের পর দ্বিতীয় তারকা হিসেবে তিনি এই পুরস্কারে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির আধিপত্য ভাঙলেন। গত মৌসুমে জুভেন্তাসের হয়ে লিগ শিরোপা জেতা এবং দেশের হয়ে শততম গোলের মাইলফলক ছুঁয়ে দ্য বেস্টের শীর্ষ তিনে নাম লেখান রোনালদো। এদিকে গতবারের দ্য বেস্ট মেসি গত লা লিগায় টানা সপ্তমবারের মতো শীর্ষ স্কোরার হন। তবে দুজনকেই ছাপিয়ে যান গত মৌসুমে বায়ার্ন মিউনিখকে সম্ভবত সবকটি শিরোপা জেতাতে ভূমিকা রাখা লেভানডোস্কি।

সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে বৃহস্পতিবার রাতে ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ডের ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ী হিসেবে লেভানডোস্কির নাম ঘোষণা করা হয়। সেই অনুষ্ঠানেই পোল্যান্ডের ৩২ বছর বয়সী তারকার হাতে পুরস্কার তুলে দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আগের অনুষ্ঠানগুলোর মতোই এবারও পুরস্কার দেওয়ার জন্য পোডিয়ামের ব্যবস্থা ছিল। কিন্তু সামনে পুরস্কারজয়ী এবং তালিকায় থাকা ফুটবলার, কোচদের দেখা মেলেনি। তারা সবাই নিজেদের মতো করেই ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। দ্য বেস্ট পুরস্কার জয়ী লেভানডোস্কিকে সশরীরেই আসতে হয়েছে অনুষ্ঠানের পোডিয়ামে। একই অনুষ্ঠানে স্মরণ করা হয় সদ্য প্রয়াত ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনাকে। এ সময় ম্যারাডোনার ছোটবেলার একটি ভিডিও ফুটেজ প্রচার করা হয়। তাতে ম্যারাডোনা বলছেনÑ ‘আমার দুটো স্বপ্ন, একটি বিশ্বকাপে খেলা এবং অন্যটি চ্যাম্পিয়ন হওয়া।’ ভিডিও ফুটেজে ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের পথে কিছু স্মরণীয় গোল ও বিশ্বকাপ জয়ের মুহূর্ত দেখানো হয়। পরে ম্যারাডোনার সাবেক দুজন সতীর্থ ভিডিও বার্তায় এই কিংবদন্তিকে স্মরণ করেন। এরপরই কদিন আগে পরলোকগমন করা আরেক ফুটবল কিংবদন্তি ১৯৮২ বিশ্বকাপ জয়ী পাওলো রসিকেও স্মরণ করা হয় অনুষ্ঠানে।

নারী ক্যাটাগরিতে দ্য বেস্ট হয়েছেন লুসি ব্রঞ্জ। প্রথমবারের মতো ব্রিটিশ কোনো নারী ফুটবলার ফিফার এই পুরস্কার পেলেন। অলিম্পিক লিওঁর হয়ে নারী চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিলেন তিনি। এ ছাড়া লিভারপুলকে ৩০ বছর পর লিগ শিরোপা জিতিয়ে সেরা কোচ হয়েছেন ইয়ুর্গেন ক্লপ। বায়ার্ন মিউনিখের অবিশ্বাস্য সাফল্যময় মৌসুমে গোলপোস্টের রক্ষক ম্যানুয়েল ন্যয়ার জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। আর সেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জিতেছেন টটেনহ্যামের দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিন। ফিফার নির্বাচিত সেরা একাদশ ‘ফিফপ্রো একাদশ’-এর অধিনায়ক হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোস।

ফুটবল দুনিয়ার সব জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফিফার নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে এবার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লেভানডোস্কি। ২০১৯ সালের ২০ জুলাই থেকে এই বছরের ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছিল। গত ২৫ নভেম্বর ফিফার বিশেষজ্ঞ প্যানেল ১১ জনের তালিকা প্রকাশ করে। এরপর মেসি-রোনালদো-লেভানডোস্কিÑ এই তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। সবশেষে গত বৃহস্পতিবার ফিফা দ্য বেস্ট হিসেবে লেভার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।