নেপালকে বিশ্বকাপে দেখতে চান হোয়াটমোর

কোচ হিসেবে শ্রীলঙ্কাকে ছিয়ানব্বইয়ের বিশ্বকাপ জিতিয়েছিলেন ডেভ হোয়াটমোর। এ ছাড়া বাংলাদেশের কোচ হিসেবে তার সাফল্যও কম নয়। এবার তিনি নেপালের কোচ হয়েছেন। লক্ষ্য নেপালকে বিশ্বকাপ খেলানো। নেপাল ক্রিকেটের মহাব্যবস্থাপক রওনক বাহাদুর মোল্লা ও ক্রিকেট পরিচালক বিনোদ কুমার নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেতে ব্যর্থ হওয়ায় গত ফেব্রুয়ারিতে নেপালের কোচের দায়িত্ব ছাড়েন উমেশ পাতওয়াল। তারপর থেকে কোনো কোচ ছিল না দলটির। হোয়াটমোরকে কোচের দায়িত্ব দেওয়ার পর এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে নেপাল ক্রিকেট জানিয়েছে, ‘নতুন এই চ্যালেঞ্জ নিতে ডেভ অত্যন্ত আগ্রহী। তিনি বিশ্বাস করেন নেপালে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, ক্রিকেটে তাদের উজ্জ্বল এক ভবিষ্যৎ আছে। নেপালকে বিশ্বকাপে দেখতে চান তিনি।’ এর আগে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও জিম্বাবুয়ে জাতীয় দলের কোচ ছিলেন হোয়াটমোর।