চট্টগ্রামে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা মেলা’। তৃতীয়বারের মতো এই মেলার আয়োজন করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। নগরীর জে এম সেন হলে মেলাটি চলবে সোমবার পর্যন্ত। গতকাল শুক্রবার নগরীতে এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন বিলসের কর্মকর্তারা।
বিলস-লেবার রিসোর্ট অ্যান্ড সাপোর্ট সেন্টারের নির্বাহী কমিটির সদস্য সচিব ও শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফর আলী লিখিত বক্তব্যে জানান, চট্টগ্রামে তৃতীয়বারের আয়োজিত এ বছরের মেলায় ৩০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পেশাগত স্বাস্থ্য ও শ্রমিক নিরাপত্তা ইস্যুতে কাজ করে এমন সংস্থা, ট্রেড ইউনিয়ন সংগঠন, এনজিও ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলা চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। রবিবার সকালে অনলাইনে মেলা উদ্বোধন করবেন বিল্সের মহাসচিব ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন বিলস-ডিজিবি-বিডব্লিউর এশীয় কনসালট্যান্ট ইন্দিরা গার্টেনবার্গ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে এবং সমাপনী দিনে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, মেলার প্রথম দিন ‘চতুর্থ শিল্পবিপ্লব, করপোরেট পুঁজি ও শ্রমিক শ্রেণি’বিষয়ক একটি কর্মশালা হবে। মেলায় ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, সিইউএফএল, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, চট্টগ্রাম সিটি করপোরেশন, বিএসআরএমসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।