নিখোঁজ শিশুর লাশ পুকুরে

নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম আরাফাত (৮)। সে স্থানীয় সাবেক ইউপি মেম্বার রফিকুল ইসলাম মনার ছেলে। গতকাল শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে মদনপুর লাওসার এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ধামগড় ফাঁড়ির ইনচার্জ আজিজুর রহমান দেশ রূপান্তরকে জানান, শিশুটির মাথায় ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এটি একটি হত্যাকান্ড। এ ব্যাপারে বন্দর থানায় হত্যা মামলা করা হবে।

তিনি আরও জানান, হত্যার পর লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজনের সন্দেহের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী তোফাজ্জল হোসেনের ছেলে রাব্বিকে (২৩) আটক করা হয়েছে।

শিশুরটির বাবা রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ১৫ ডিসেম্বর রাত ৯টার দিকে বাসা থেকে বেরিয়ে আরাফাত আর ফিরে আসেনি। তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করা হয়েছিল। পরে শুক্রবার সকালে পুকুরে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) খোরশেদ আলম, ধামগড় ফাঁড়ির ইনচার্জ।