অভিবাসী দিবসে প্রবাসীকল্যাণমন্ত্রী

মহামারী-পরবর্তী দক্ষ শ্রমশক্তি বিদেশে পাঠাবে সরকার

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, করোনা মহামারী-পরবর্তী পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার। মহামারীর মধ্যে যেসব কর্মী দেশে ফেরত এসেছেন, আপাতত তাদের সহায়তায় কাজ করছে সরকার। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মী নিয়োগকারী দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডে অবশ্যই কর্মী প্রয়োজন হবে এবং শ্রমবাজার আবার স্বাভাবিক হবে। এই প্রত্যাশায় আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে আমরা আমাদের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সার্টিফিকেশনের প্রস্তুতি গ্রহণ করেছি।’