রাজধানীর গুলিস্তানে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ২০ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ইউনিটের প্রচার সম্পাদক লিমন মৃধা (৪০), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদ (৩৫), সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মাহমুদ (৪৮) ও যুবলীগের কর্মী শীতল (৩৫)।
আহতরা জানান, পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো উপলক্ষে তারা ৩০-৪০ জন নেতাকর্মী গুলিস্তান পার্টি অফিস থেকে আনন্দ মিছিল বের করেন। গুলিস্তান ঘুরে মিছিলটি আবার পার্টি অফিসের সামনে গিয়ে শেষ করেন। এরপর গুলিস্তান রাজধানী হোটেলের সামনে যাওয়ার পর সেখানে একই ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন, যুবলীগের ২০ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহাবুদ্দিন, সহসভাপতি দুলালসহ তাদের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালান। তাদের লাঠিসোঁটা ও কিলঘুষির আঘাতে তারা সবাই আহত হন।