মালিবাগে বাসায় ঢুকে নারীকে কুপিয়ে জখম

রাজধানীর মালিবাগে বাসায় ঢুকে রাবেয়া বেগম (৩৫) নামে এক নারীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতের ছেলে মো. তানভির হোসেন জানান, তারা পশ্চিম মালিবাগ ডাক্তার গলির ২২ নম্বর বাসার ২য় তলায় নিজেদের ফ্ল্যাটে থাকেন। তার বাবা শাহাদাত হোসেন কুয়েত প্রবাসী। মালিবাগের ওই বাসায় দুই ছেলে-মেয়েকে নিয়ে থাকেন রাবেয়া।

রাতে তারা আলাদা আলাদা রুমে ঘুমিয়ে ছিলেন। সকালে মায়ের ডাক চিত্কারে ছেলে তানভির তার রুমে গিয়ে তাকে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কে বা কারা বাসায় ঢুকে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে তা বলতে পারেনি স্বজনরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক আব্দুল খান জানান, সকাল সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় রাবেয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।