ক্যাম্পাস সাংবাদিকদের ওয়েজ বোর্ডের আওতায় আনার দাবি

‘বিশ্ববিদ্যালয়গুলোতে যারা সাংবাদিকতা করে তাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। পেশাদারিত্ব নিয়ে তাদের কাজকে উৎসাহিত করতে ক্যাম্পাস সাংবাদিকদের ওয়েজবোর্ডের আওতায় এনে বেতন দেয়ার ব্যবস্থা করতে হবে।’

জাতীয় নেতৃবৃন্দ এবং তথ্য মন্ত্রণালয়ের কাছে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব আয়োজিত অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় ‘ক্যাম্পাস সাংবাদিকতা থেকে ক্যারিয়ার গঠন’ শীর্ষক অনলাইন কর্মশালা।

বক্তব্য রাখতে গিয়ে নিউজ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাবিবুল্লাহ হাবিব বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা করে আসা সংবাদকর্মীরা অনেকটা সহজ করে নিতে পারে জাতীয় পর্যায়ের সাংবাদিকতায় নিজেদের পূর্ব অভিজ্ঞতা থেকে। তবে সাংবাদিকদের অধিকার আদায় নিয়ে প্রত্যেকটা ক্যাম্পাসের সাংবাদিকদের আওয়াজ তোলা উচিত।

রেডিও টুডের সিনিয়র করেসপনডেন্ট মনজুর হোসেন বলেন, আমরা সাংবাদিকরাই সাংবাদিকদের ভালো চাই না না হলে অনেক কিছুই হয়ে যেতো।

ক্যাম্পাস সাংবাদিকদের দাবিগুলো সারা দেশ থেকে এক সঙ্গে কাজ করলেই কেবল সম্ভব। তবে দাবি আদায় সম্ভব।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি সরকার আবদুল্লাহ তুহিনের সভাপতিত্বে ও হাবিবুল্লাহ বেলালির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সহ- সভাপতি ফজলুল হক পাভেল, ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা ক্যাম্পাস সাংবাদিকতাকে চ্যালেঞ্জিং বিট হিসেবে উল্লেখ করে বলেন, তথ্যপ্রমাণ সংরক্ষণ করে সাংবাদিকতাকে এগিয়ে নিতে হবে। সেই সঙ্গে নিজের অধিকার প্রতিষ্ঠায় ক্যাম্পাস সাংবাদিকদের কাজ করে যেতে হবে। ক্যাম্পাস সাংবাদিকতা শেষে জাতীয় পর্যায়ে সাংবাদিকতায় আসার আহ্বানও জানান বক্তারা।