নতুন করে ‘মাসুদ রানা’র বিখ্যাত গান

স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’য় বিশেষ একটি চরিত্রে অভিনয় করেন অলিভিয়া। তার লিপে ক্যাবারে সং ‘ও রানা ওগো সোনা’ সত্তর দশকে ভীষণ ঝড় তোলে। ৪৬ বছর পর সেই গান ফিরছে নতুন করে।

গানটি নতুন করে গেয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াৎ জাহান। অনুপম মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ হবে ২৭ ডিসেম্বর। ইতিমধ্যে ছাড়া হয়েছে কয়েক সেকেন্ডের প্রেমো

এ নিয়ে সংবাদমাধ্যমকে রুবাইয়াৎ বলেন, “১০ বছর আগে আমার কাজিন তারিক রানা আমাকে গানটি গাইতে বলেছিল। সেই সময়কার শিল্পীদের গাওয়া। তারা তো আমাদের সময়ের শিল্পীদের চেয়ে অনেক ভালো, গুণী। তাই আর নতুন করে গাওয়ার সাহস করিনি। এবার সোহেল রানা ভাইয়ের অনুমতি নিয়ে গানটি করলাম।”

আহমেদ জামান চৌধুরীর কথায় ‘ও রানা ওগো সোনা’র সুর করেন আজাদ রহমান, কণ্ঠ দেন আঞ্জুমান আরা বেগম। এবারের রিমেকে সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ।