বাংলাদেশ বিমান বাহিনীর একটি এডব্লিউ-১৩৯ সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার শনিবার কক্সবাজারের হিমছড়ি এলাকার দুর্গম পাহাড়ে আটকে পড়া চার শিক্ষার্থীকে উদ্ধার করেছে। পরে উদ্ধার শিক্ষার্থীদের কক্সবাজার বিমানবন্দরে আনা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় যেকোনো সংকট মোকাবেলায় সর্বদাজরুরী সহায়তা প্রদান করে আসছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে প্রতিশ্রুতি নিশ্চিত করতে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সেবা পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রেখেছে।
তারা জানায়, এর ধারাবাহিকতায় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের নির্দেশনায় উক্ত সার্চ অ্যান্ড রেসকিউ মিশন পরিচালনা করা হয়।
তারা জানায়, শনিবার সকালে চার শিক্ষার্থী বেড়াতে এসে কক্সবাজারের হিমছড়ি এলাকার দরিয়ানগর দুর্গম পাহাড়ে পথ হারিয়ে ফেলে। এরপর তারা ৯৯৯-এ কল করে। পরবর্তীতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক উদ্ধার দল গঠন করে। তারা বিকেল ৪টা ৩৮ মিনিটে একটি এডব্লিউ-১৩৯ সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার নিয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। হেলিকপ্টারটি সন্ধ্যা ৫টা ৬ মিনিটে কক্সবাজার এসে পৌঁছায়। সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনার সহায়তায় সার্চ অ্যান্ড রেসকিউ দলের মাধ্যমে দুর্গম পাহাড়ে আটকে পড়া চার শিক্ষার্থীকে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেয়।