ভাষা হারিয়েছেন কোহলি

অ্যাডিলেডে গতকাল ৩৬ রানের দ্বিতীয় ইনিংসে ভারতের কোনো ব্যাটসম্যানই স্পর্শ করতে পারেননি দুই অঙ্ক। জস হ্যাজেলউড ও প্যাট কামিন্সের বিধ্বংসী বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পরে ভারতীয় ব্যাটিং লাইনআপ। এমন বাজে পারফরম্যান্সের পর অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অথচ টেস্টের প্রথম দু’দিন চালকের আসনে ছিল ভারতই। ম্যাচ শেষে কোহলি বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা খুব কঠিন। ৬০ (৫৩ রান) রানের মতো লিড ছিল আমাদের এবং হঠাৎ করে ধসে পড়লাম। আপনি যখন দু’দিন কঠোর পরিশ্রম করে নিজেকে একটি শক্ত অবস্থানে নিয়ে আসেন এবং তারপর একটি ঘণ্টা আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে দিল যেখান থেকে জেতা আক্ষরিকভাবে অসম্ভব!’

দলের ব্যাটসম্যানদের মধ্যে ভালো কিছু করার চেষ্টায় ঘাটতি দেখছেন কোহলি। ‘আমার মনে হয়, আমাদের আজ (শনিবার) আরও কিছুটা নিবেদন দেখানো উচিত ছিল। তারা প্রথম ইনিংসেও একই রকম জায়গায় বোলিং করেছিল। তবে তখন সম্ভবত আমাদের রান করার মানসিকতা ছিল। সত্যি কথা বলতে, বেশ কিছু ভালো ডেলিভারি ছিল। কিন্তু বল হঠাৎই কঠিন কিছু করছিল না।’ এজন্য প্রতিপক্ষ দলের বোলারদের কৃতিত্ব দিয়েছেন কোহলি। ‘আমি মনে করি, মানসিকতার কারণে এমনটা হয়েছে। এটি খুবই স্পষ্ট। দেখে মনে হচ্ছিল যে, রান আসা খুব কঠিন এবং বোলাররা তাতে আত্মবিশ্বাস পেয়ে গিয়েছিল। আমি মনে করি, আমাদের দৃঢ় সংকল্পের ঘাটতি এবং বোলাররা সঠিক জায়গায় বল করার ফলে এটা ঘটেছে।’ আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট (বক্সিং ডে টেস্ট) থেকে দলের সঙ্গে থাকছেন না কোহলি। পিতৃত্বকালীন ছুটিতে নিজ দেশে ফিরবেন তিনি। সিরিজের বাকি টেস্টের জন্য দলকে শুভকামনা জানিয়েছেন তিনি। ইন্টারনেট।