গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়। গতকাল শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে উপাচার্যদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার পদ্ধতি, নম্বর বণ্টন, আবেদনের শর্তসহ বিস্তারিত উল্লেখ করা হয়। কবে নাগাদ পরীক্ষা হবে তা বলা না হলেও করোনা পরিস্থিতি বিবেচনায় পরে তারিখ ঘোষণার কথা জানান উপাচার্যরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে যোগ্যতা (মেধাক্রম) অনুযায়ী পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) বিভাগ- তিনটি ইউনিটে ১০০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) তিনটি পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ভিত্তিতে বিভাগ পরিবর্তনে আগের মতো আলাদা পরীক্ষা হবে না। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষার মাধ্যমে নিজ বিভাগের পাশাপাশি অন্য বিভাগভুক্ত বিষয়ে ভর্তির সুযোগ থাকবে এবং সেভাবেই বিষয়ভিত্তিক আসন রাখা হবে। বৈঠকে উপাচার্যরা জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তিন দিনে তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র থাকবে, পরীক্ষার্থীরা সুবিধা মতো পরীক্ষা কেন্দ্র পছন্দ করতে পারবেন।
বৈঠক শেষে গুচ্ছ পরীক্ষা পদ্ধতির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান জানান, ২০১৯ এবং ২০২০ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। মানবিক বিভাগের পরীক্ষায় অংশ নিতে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৬ থাকতে হবে। একইভাবে বাণিজ্যে বিভাগে ন্যূনতম জিপিএ-৬ দশমিক ৫ এবং বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ-৭ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ-৩ এর কম থাকলে আবেদন করা যাবে না। তিনি আরও জানান, মানবিক বিভাগের পরীক্ষা হবে বাংলা (৪০ নম্বর), ইংরেজি (৩৫) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি (২৫) বিষয়ের ওপর। ব্যবসায় শিক্ষা বিভাগে হিসাববিজ্ঞান (২৫ নম্বর), ব্যবস্থাপনা (২৫), ভাষা (২৫ নম্বরের মধ্যে বাংলা ১৩ ও ইংরেজি ১২) এবং আইসিটি (২৫ নম্বর) বিষয়ে পরীক্ষা হবে। আর বিজ্ঞান বিভাগে ভাষা (২০ নম্বরের মধ্যে বাংলা ১০ ও ইংরেজি ১০ নম্বর), রসায়ন (২০), পদার্থ (২০) এবং আইসিটি, গণিত ও জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে হবে। এর মধ্যে আইসিটি, গণিত ও জীববিজ্ঞানের মধ্যে যেকোনো দুটি বিষয়ে পরীক্ষা দিতে হবে, যার প্রতিটির নম্বর হবে ২০ করে।