মাসিক পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার

ঢাকা মহানগরীর ভাস্কর্যের নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঢাকা মহানগরীতে যতগুলো ভাস্কর্য আছে, সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। প্রয়োজনে সাদাপোশাকে নিরাপত্তা ও সিসিটিভির ব্যবস্থা করার ওপর জোর দেন তিনি। গতকাল শনিবার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেন, বিশ্বজুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এ সময় যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে। সামনে বড় দুটি উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট। এ উৎসব উপলক্ষে সবাইকে সতর্কতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

গত মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ৮টি ক্রাইম বিভাগের মধ্যে যৌথভাবে প্রথম হয়েছে মিরপুর ও গুলশান বিভাগ। ৯টি গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা গুলশান বিভাগ। ৮টি ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে ট্রাফিক লালবাগ বিভাগ। এ ছাড়া ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ৭৫ জন কর্মকর্তাকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর বিভাগের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এম এম মঈনুল ইসলাম। ওসিদের মধ্যে যাত্রাবাড়ী থানার মাজহারুল ইসলাম, পরিদর্শক তদন্তদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর মডেল থানার সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন, পুলিশ পরিদর্শক অপারেশনদের মধ্যে প্রথম হয়েছেন কদমতলী থানার জাকির হোসাইন। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদপুর থানার হাসানুর রহমান ও বাড্ডা থানার মোহাম্মদ হানিফ। শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন মতিঝিল থানার হেলাল উদ্দিন ও পল্লবী থানার মো. জামাল হোসেন। গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা গুলশান বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার মো. গোলাম সাকলায়েন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার মো. কায়সার রিজভী কোরায়েশী, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার বদরুজ্জামান জিল্লু, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, উত্তরা জোনাল টিম, ডিবি-উত্তরা। মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার মো. গোলাম সাকলায়েন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, গুলশান জোনাল টিম, ডিবি গুলশান। অজ্ঞান বা মলমপার্টি গ্রেপ্তারে শ্রেষ্ঠ টিম লিডার তরিকুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, ধানম-ি জোনাল টিম, ডিবি-রমনা।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনারসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।