চসিক নির্বাচন

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : হানিফ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দলসমর্থিত প্রার্থীর বাইরে যারা প্রার্থী থাকবেন এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীর পক্ষে গিয়ে যেসব দায়িত্বশীল ব্যক্তি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করেছেন তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। গতকাল শনিবার দুপুরে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘চট্টগ্রাম সিটি নির্বাচনকে আওয়ামী লীগ বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলের অবস্থান অত্যন্ত কঠোর। যারা ইতিপূর্বে বিভিন্ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন তাদের পরবর্তী সময়ে আর নৌকা প্রতীক দেওয়া হয়নি।’