রাজধানীর পশ্চিম মালিবাগে বাসায় ঢুকে রাবেয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের ছেলে তানভীর হোসেন জানান, তার বাবা শাহাদাত হোসেন কুয়েত প্রবাসী। ২২, পশ্চিম মালিবাগ শাহনেওয়াজ হাসপাতালের পাশের নিজস্ব বাড়ির প্রথম তলায় তিনি, তার মা এবং বোন থাকেন। গতকাল সকাল ৭টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তার মায়ের রুমে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার সময় তিনি পাশের রুমে ঘুমিয়ে ছিলেন। মায়ের চিৎকার শুনে পাশের রুম থেকে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজনদের সহায়তায় তার মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি আরও বলেন, সব কটি কোপ তার মায়ের মাথায় পড়েছে। দুর্বৃত্তরা কয়জন এসেছে তা তিনি দেখতে পাননি।
রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদের ধরতে অভিযান চলছে।’