শিবচরে স্থানীয় সরকারমন্ত্রী

পদ্মা সেতু সম্পন্ন হলে দেশে দারিদ্র্যের হার কমবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আশাকরি অল্প সময়ের মধ্যে পদ্মা সেতু হয়ে যাবে। পদ্মা সেতুর ফলে অর্থনীতিবিদদের হিসাব অনুসারে জিডিপি ১ শতাংশের অধিক বেড়ে যাবে। আর এর মাধ্যমে দারিদ্র্যও কমে আসবে। গতকাল শনিবার বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদ এলাকায় ৫০০ আসনবিশিষ্ট নূর ই আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সারা দেশে ১০০ ইকোনমিক জোন গড়ে তোলা হবে। পদ্মা সেতু ঘিরে সারা দেশে অর্থনৈতিক উন্নয়ন হবে। অসংখ্য শিল্প কারখানা গড়ে তোলা হবে। ফলে দেশে দারিদ্র্যের হার কমে আসবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি।