শরীয়তপুরে দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

শরীয়তপুরে দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সকাল সোয়া ১০টার দিকে শহরের ধানুকা সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উক্ত স্থানে গিয়ে শেষ হয়। পরে শরীয়তপুরের জাতীয় মহিলা সংস্থার ট্রেনিং সেন্টারে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনদীপ ঘরাই।

এ সময় দেশ রূপান্তরের শরীয়তপুর প্রতিনিধি মো. ছগির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রেস ক্লাবের সহসভাপতি ও মানবজমিন প্রতিনিধি শেখ খলিলুর রহমান, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এটিএন বাংলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টেলিভিশন প্রতিনিধি শহিদুজ্জামান খান, প্রথম আলো প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, এনটিভি ও কালেরকন্ঠ প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, যমুনা টেলিভিশনের প্রতিনিধি কাজী মনিরুজ্জামান, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও অনলাইন পোর্টাল শরীয়তপুর জার্নালের সম্পাদক অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী, দীপ্ত টিভির প্রতিনিধি রাজিব হোসেন রাজন, বৈশাখী টিভির প্রতিনিধি মো. খালেক পেদা ইমন, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি রিপন সাধু প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক দেশ রূপান্তর দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে মাত্র ২ বছরে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের কাতারে স্থান করে নিয়েছে। শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের আস্থার জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে দেশ রূপান্তর।

বক্তারা দেশ রূপান্তরের সাফল্য কামনা করেন। পত্রিকাটি যেভাবে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে আরও ভালো করবে বলে আশাবাদী তারা।