দেশ রূপান্তরের দ্বিতীয় বর্ষপূর্তিতে ঠাকুরগাঁওয়ে সংবাদকর্মীদের মিলনমেলা

সাফল্যের দুই বছর এই স্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আধুনিক অডিটোরিয়ামে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, সংগ্রামী বাংলার সম্পাদক প্রবীণ সাংবাদিক আব্দুল লতিফ।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ রূপান্তর গণমানুষের কথা বলে। এখন প্রত্যন্ত অঞ্চলেও এই পত্রিকাটি মানুষের হাতে হাতে। দায়িত্বশীলতার অগ্রণী ভূমিকা রাখায় পত্রিকা কর্তৃপক্ষ ও কুশীলবদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও পত্রিকাটি ঠাকুরগাঁও জেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের সংবাদ গুলো দেশ রূপান্তরের পাতায় তুলে ধরায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান রহমান মিঠু, সম্পাদক আব্দুল লতিফ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, একুশে টিভির প্রতিনিধি জসিম উদ্দিন, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, গোলাম সারোয়ার সম্রাট, রেজওয়ানুল হক রিজু, শাহ নাজমুল ইসলাম, চ্যানেল ২৪ প্রতিনিধি ফাতেমা তু ছুগড়া, আব্দুল্লাহ হক দুলাল, দেশ রূপান্তরের ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার প্রমুখ।

পরে একটি আনন্দ র‌্যালি প্রেস ক্লাব থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সংবাদকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।