দেশ রূপান্তরের দ্বিতীয় বর্ষপূর্তিতে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি

তৃতীয় বছরে পা রেখেছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। লাখো পাঠকের ভালোবাসায় সিক্ত পত্রিকাটির দ্বিতীয় বর্ষপূর্তিতে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সাইকেল র‌্যালির।

দিনভর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়।

স্বাস্থ্যবিধি মেনে অর্ধশতাধিক সাইক্লিস্ট এতে অংশ নেন। র‌্যালিটি হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের সকাল ৯টার দিকে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এসে শেষ হয়।

পরিবেশবান্ধব এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন সাইক্লিস্টরা। একই সঙ্গে বর্ষপূর্তির মতো একটি অনুষ্ঠানে এই র‌্যালির মাধ্যমে সাইক্লিংকে উৎসাহিত করায় তারা দেশ রূপান্তরকে ধন্যবাদ জানিয়েছেন।

সাইকেল র‌্যালিতে উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের ম্যানেজার (অ্যাডমিন) ইউসুফ কবির, ডেপুটি ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ সালাহ্ উদ্দিন, সিনিয়র কম্পিউটার প্রোগ্রামার মাহমুদ হোসেন খান প্রমুখ।