মহান মুক্তিযুদ্ধ, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে উর্বরভূমি হিসেবে পরিচিত নড়াইল জেলায় পাঠক সমাদৃত দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল এতিম শিশুদের নিয়ে কেক কাটা, র্যালি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদসহ সুশীল সমাজের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময়।
রবিবার সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে নড়াইলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভায় পাঠক নন্দিত পত্রিকা দৈনিক দেশ রূপান্তরের আগামী দিনের পথচলায় শুভ কামনা জানানো হয়। কর্মসূচিতে নড়াইল প্রেসক্লাবের সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ ছাড়া দিনব্যাপী নড়াইলের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ সহ সুশীল সমাজের প্রতিনিধিদের মাঝে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিকেলে আজিজুর রহমান বালিকা এতিম খানায় শতাধিক এতিম শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় শিশুদের মধ্যে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।