স্মিথের সঙ্গে ব্যবধান কমালেন কোহলি

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভরাডুবি হয়েছে ভারতের। তবে দলটির অধিনায়ক বিরাট কোহলি ঠিকই রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছেন। তাতে শীর্ষে থাকা স্টিভেন স্মিথের সঙ্গে ব্যবধান কমেছে দুইয়ে থাকা কোহলির।

রবিবার আইসিসি যে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে, তাতে অস্ট্রেলিয়ার স্মিথের রেটিং পয়েন্ট ৯০১। কোহলির পয়েন্ট ৮৮৮। অর্থাৎ স্মিথের থেকে মাত্র ২১ পয়েন্ট দূরে রয়েছেন তিনি।

অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রান করেছিলেন কোহলি। দ্বিতীয় ইনিংসে অবশ্য ৪ রানের বেশি করতে পারেননি। প্রথম টেস্টের পর তিনি ২ পয়েন্ট পেয়েছেন।

উল্টোদিকে স্মিথ প্রথম ইনিংসে ১ রান এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১ রান করেন। তার ১০ পয়েন্ট কমে গেছে।

র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় প্রথম ছয়টি স্থানে কোনো বদল হয়নি। স্মিথ, কোহলির পর তৃতীয় থেকে ষষ্ঠ স্থান পর্যন্ত আছেন যথাক্রমে- কেন উইলিয়ামসন (৮৭৭), মার্নাস লাবুসেন (৮৩৯), বাবর আজম (৭৯৭) ও ডেভিড ওয়ার্নার (৭৮৭)।

চেতেশ্বর পূজারা (৭৫৫) এক ধাপ নেমে অষ্টম স্থানে চলে এসেছেন। তাকে টপকে বেন স্টোকস (৭৬০) সপ্তম স্থানে চলে এসেছেন।

বোলারদের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (৯১০)। এরপর রয়েছেন স্টুয়ার্ট ব্রড (৮৪৫), নিল ওয়াগনার (৮৪০), টিম সাউদি (৮২৫), জস হ্যাজেলউড (৮০৫), কাগিসো রাবাদা (৮০২), মিচেল স্টার্ক (৮০০), জেমস অ্যান্ডারসন (৭৮১)।

জাসপ্রিত বুমরাহকে সরিয়ে রবিচন্দ্রন অশ্বিন নবম স্থানে চলে এসেছেন। অশ্বিনের র‌্যাঙ্কিং পয়েন্ট ৭৭৭। বুমরা (৭৫৩) দশম স্থানে নেমে এসেছেন।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস। বাংলাদেশের সাকিব আল হাসান আগের মতোই আছেন চতুর্থ স্থানে।