চারদিকে মেঘনা নদী পরিবেষ্টিত সোনারগাঁয়ের প্রত্যন্ত চরনুনেরটেকে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর কাক্সিক্ষত বিদ্যুৎ পেয়ে উচ্ছ্বসিত চরের মানুষ। রবিবার সকালে নুনেরটেক এলাকার ১২শ ঘরে বিদ্যুতের আলো পৌঁছেছে। সোনারগাঁ এখন শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।
বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. সাইরুল ইসলাম, সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক জোনাব আলী, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, সোনারগাঁ পৌর নাগরিক কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, জাপা নেতা রেজাউল করিম, মোহাম্মদ আলী, লিয়াকত আলী, গরীব নেওয়াজ, অখিলউদ্দিন প্রমুখ।
প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে সোনারগাঁয়ের মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল মেঘনা নদীর তলদেশ দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎলাইন সংযোগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৫৪৭ দশমিক ৮৪ একর আয়তনের এ চরে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ শেষ করে ১২৫২ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শীঘ্রই অন্য পরিবারগুলোও বিদ্যুতের আওতায় আসবে।