বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকার পতাকা উত্তোলন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল রবিবার ঢাকা সেনানিবাসে এই অনুষ্ঠান হয়।
সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে আর্মি ডেন্টাল কোরের একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন এবং প্রধান অতিথিকে সালাম প্রদান করে। পরে সেনাবাহিনী প্রধান আনুষ্ঠানিকভাবে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টার, ঢাকা-এর পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে সেনাবাহিনী প্রধান তার দিকনির্দেশনামূলক বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার একক নেতৃত্বে সূচিত হয়েছিল আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, সেনাপ্রধান দেশমাতৃকার যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে মিলিটারি ডেন্টাল সেন্টার’কে প্রস্তুত থাকার পাশাপাশি পেশাদারিত্বের সর্বোচ্চ মান অর্জনের মাধ্যমে উন্নতমানের দন্তসেবা প্রদানের নির্দেশনা দেন। সেনাবাহিনী প্রধান পতাকা উত্তোলন উপলক্ষে একটি সুশৃঙ্খল, মনোজ্ঞ ও বর্ণিল কুচকাওয়াজ প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।