বেরোবিতে দেশ রূপান্তরের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন

পাঠকদের সঙ্গে নিয়ে করোনাকালীন ছুটির মধ্যেও দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের ২য় বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে উত্তরবঙ্গের বাতিঘর খ্যাত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে।

রবিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে পাঠকদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি ক্যাফেটেরিয়া থেকে মিডিয়া চত্বর হয়ে ক্যাফেটেরিয়ায় গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে পাঠকদের সঙ্গে নিয়ে কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম।

এ সময় ভার্চুয়ালি যুক্ত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। তিনি বলেন, মিডিয়া ম্যানিপুলেশনের যুগে বস্তুনিষ্ঠতা ধরে রেখে আগামীর পথে এগিয়ে চলুক দেশ রূপান্তর। ক্যাম্পাসের নানা অনিয়ম আর অসংগতির পাশাপাশি তুলে ধরুক শিক্ষক শিক্ষার্থীদের অগ্রযাত্রার গল্প।’

দেশ রূপান্তরের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ড. নজরুল ইসলাম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করে দেশ রূপান্তর যে সাহসিকতার পরিচয় দিয়েছে তা প্রশংসনীয়। তা ছাড়া মাত্র ২বছরের মাথায় পাঠক মনে যে দাগ কেটেছে সেটা সত্যিই প্রশংসনীয়।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমিতির  সভাপতি মাহফুজ আহমেদ, দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৌম্য সরকার, বেরোবিসাসের কোষাধ্যক্ষ ইসমাইল রিফাত, কর্মকর্তা হাফিজ আল আসাদ রুবেল, আবুল কালাম আজাদ, বেরোবি ছাত্রলীগ নেতা মারুফ ভূইয়া, আলআমিনসহ অন্যান্য শিক্ষার্থীরা।