সিলেট বিভাগে মঙ্গলবার থেকে ৩ দিনের পরিবহন ধর্মঘট

সিলেটের বিভিন্ন পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে ৩ দিনব্যাপী পরিবহন ধর্মঘট আহ্বান করেছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

ধর্মঘট আহ্বানকারীরা বলছেন, সিলেটের বিভিন্ন পাথর কোয়ারি বন্ধ থাকায় পাথর উত্তোলন ও পরিবহনে জড়িত লাখ লাখ মানুষ মানবেতর জীবন-যাপন করছেন। তাই অবিলম্বে পাথর উত্তোলনের সুযোগ দিতে হবে।

পরিবহন ধর্মঘট চলাকালে সিলেট বিভাগের চার জেলা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, লেগুনা, ট্যাংকলরি, সিএনজি অটোরিকশাসহ সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স, বিদেশযাত্রীদের গাড়ি, ফায়ার সার্ভিস, সংবাদপত্র ও ওষুধ বহনকারী গাড়ি ধর্মঘটের আওতামুক্ত থাকবে।

ধর্মঘট সফলের আহ্বান জানিয়েছেন, সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল এবং সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।

ধর্মঘট সফলের জন্য সোমবার সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকেরা সভা সমাবেশ করেছেন।

পরিবহন ধর্মঘট আহ্বানের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসকের আহ্বানে এক সভা অনুষ্ঠিত হয়। পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত এই সভা অবশ্য সফল হয়নি। নিজেদের দাবির ব্যাপারে পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ অনড় থাকায় কোন সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

এদিকে, সিলেট নগরীতে চলাচলকারী সিএনজি অটোরিকশায় গ্রিল লাগানোর বাধ্যবাধকতা জারির প্রতিবাদে সোমবার থেকে লাগাতার ধর্মঘট পালন করছেন অটোরিকশা মালিক-শ্রমিকেরা। এ কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।