নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের সুপারিশকে আইনি পথে চ্যালেঞ্জ জানিয়েছেন বিরোধীরা। পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীর আগাম নির্বাচনের ডাককে ‘সাংবিধানিক ক্যু’ অভিহিত করে তারা এর নিন্দা করেছেন বলে জানিয়েছে হিমালয়ান টাইমস।
গতকাল সোমবার নেপালের সুপ্রিম কোর্টের মুখপাত্র ভদ্রকালি পোখারেল জানিয়েছেন, পার্লামেন্ট বিলুপ্তির বিরুদ্ধে তিনটি পিটিশন দাখিল করা হয়েছে, সেগুলো ‘নিবন্ধনের প্রক্রিয়া চলছে’।
গত রবিবার প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের সুপারিশ করেন। এতে করোনাভাইরাসের সঙ্গে লড়াইরত হিমালয় কোলের দেশটিতে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।