নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশ্বাস দিয়েও প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়া এবং বাবা-মাকে অপমানের ক্ষোভে পাপিয়া (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। ওই তরুণীর লিখে যাওয়া চিরকুট থেকে এসব তথ্য জানিয়েছেন তার বাবা। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
পাপিয়ার বাবা আবু সামাদ বলেন, ‘সাত মাস আগে পাড়াগাঁও এলাকার শফি মিয়ার বাড়িতে ভাড়া উঠি। ছয় মাস আগে পাশর্^বর্তী হারিজ মিয়ার ছেলে মুড়াপাড়া কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজন মিয়ার সঙ্গে পাপিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পাপিয়া বিয়ের কথা বললে রাজন তাকে আশ্বাস দেয়। এক সপ্তাহ আগে পুনরায় পাপিয়া রাজনকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। পরে রাজন ২০ ডিসেম্বর বিয়ে করবে বলে জানায়। সোমবার দুপুরে বিয়ের ব্যাপারে জানতে রাজনকে ফোন দেয় সে। রাজন এতে অস্বীকৃতি জানালে পাপিয়া ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। চার দিন আগে রাজনের পরিবারের লোকজন বাসায় এসে পাপিয়াকে নিয়ে আমাকে ও স্ত্রীকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য শাসায়। নতুবা জুতার মালা গলায় পরিয়ে এলাকাছাড়া করা হবে বলে হুমকি দেয়।’
ভুলতা ফাঁড়ির এসআই রিপন মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাপিয়ার পরিবার অভিযোগ করলে মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।