বছরের শেষ দিন নিজের রাজনৈতিক দল ঘোষণা করবেন রজনীকান্ত। কিন্তু তার আগেই আইনি বিপাকে জড়ালেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার।
স্থানীয় গণমাধ্যম জানায়, ২০১৮ সালের এক ঘটনার তদন্তের স্বার্থে গঠিত বিচারবিভাগীয় কমিশনের তরফে ডেকে পাঠানো হয়েছে তাকে। ১৯ জানুয়ারি অভিনেতাকে সংশ্লিষ্ট কমিশনের কাছে হাজিরা দিতে হবে।
২০১৮ সালের ২২ ও ২৩ মে তুতিকোরিন আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১৩ বিক্ষোভকারী। সে ঘটনাটির নিন্দায় সরব হয়েছিল পুরো ভারত। স্টারলিট সংস্থার বিরুদ্ধে পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ।
ওই আন্দোলনের সময় সুপারস্টার রজনীকান্তের মন্তব্য বেজায় শোরগোল ফেলে দিয়েছিল। পুলিশ ও এআইএডিএমকে সরকারের পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি। রাজ্য সরকারের সমর্থনে মন্তব্য করেছিলেন, “সমাজবিরোধীরা এই আন্দোলনটিকে নিজেদের মতো করে চালাচ্ছে। বিক্ষোভকারীদের ওপর আরও কড়া হওয়া উচিত।”
শুধু তাই নয়, এও বলেছিলে, “সব সময়ে প্রতিবাদ করা উচিত নয়। যদি সব বিষয়ে রাস্তায় নামা হয়, তাহলে তো তামিলনাড়ু শ্মশানে পরিণত হবে। উর্দি পরা মানুষদের বিরোধিতা আমি মোটেই মেনে নেব না।”
অবশ্য ঘটনাস্থলে যাওয়ার পর রজনী মন্তব্যটি ফিরিয়ে নেন। জোর সমালোচনার মুখে পড়ে বলেছিলেন, কারো ভাবাবেগে আঘাত করার কোনো অভিপ্রায় আমার ছিল না। কেউ যদি আমার মন্তব্যে কষ্ট পান, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।
এবার সেই মন্তব্যের জেরেই তদন্ত কমিশনের তরফে ডেকে পাঠানো হয়েছে তাকে। এর আগে ২৫ ফেব্রুয়ারিও রজনীকান্তকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তখনো কিছুটা সময় চেয়ে নেন। এবার মনে হচ্ছে পুরোনো ঘটনার জন্য আইনি বিপাকে পড়লেন এশিয়ার অন্যতম এ সুপারস্টার।