ফরিদপুর শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন গ্রেপ্তার

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আক্কাস হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে তাকে শহরতলীর শোভারামপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ।

মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদপুর শ্রমিক লীগের সভাপতি মো. আক্কাস হোসেন শোভারামপুর এলাকার মৃত মজিদ মল্লিক ওরফে চান্দু মল্লিকের ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, দুটি মামলায় সাজাপ্রাপ্ত আক্কাস হোসেন। তার বিরুদ্ধে ১ কোটি ৯০ লাখ ৭ হাজার টাকা ঋণ পরিশোধ না করার দায়ে রূপালী ব্যাংকের দায়ের করা মামলায় ২০১৫ সালের ১৪ জুন ছয় মাসের দেওয়ানী কারাদন্ড দেওয়া হয়।

এছাড়া অপর একটি মামলায় গত ২০১৭ সালের ১৬ আগস্ট তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৮ লাখ টাকা জরিমানা করা হয়।