লক্ষ্মীপুরে প্রথমবারের মতো অনলাইন ‘কৃষকের অ্যাপস’-এর মাধ্যমে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ে ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। সংশ্লিষ্টরা জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ বছর অ্যাপসের মাধ্যমে সদর উপজেলার নিবন্ধিত ১ হাজার ২৩২ জন কৃষকের কাছ থেকে ৩৫৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভার ১০৩ জন কৃষক ও ২১টি ইউনিয়নের ১ হাজার ২৩২ জন প্রান্তিক কৃষককে অ্যাপসটিতে নিবন্ধন করা হয়। এতে (প্রতি কেজি ২৬ টাকা) মণপ্রতি ১ হাজার ৪০ টাকা হারে ৩৫৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কৃষক সর্বনিম্ন ১২০ কেজি থেকে শুরু করে ৬ মে. টন পর্যন্ত আমন ধান খাদ্য নিয়ন্ত্রণ বিভাগের কাছে বিক্রি করতে পারবেন।