পুলিশ পরিদর্শকের বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের বাসা থেকে সোনিয়া আক্তার জান্নাতি (১৬) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠায়। জান্নাতি গোপালগঞ্জ কাশিয়ানি থানার বাঘজাপা গ্রামের মো. সাকিল মিয়ার মেয়ে।

কলাতিয়া পুলিশ ফাঁড়ির এসআই চুন্নু মিয়া জানান, তিন বছর ধরে জান্নাতি কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিকুজ্জামানের বাসায় গৃহকর্মীর কাজ করত। এক মাস আগে তার মা গ্রাম থেকে বেড়াতে আসেন। এর মধ্যে তিনি দেখতে পান তার মেয়ে লুকিয়ে লুকিয়ে মুঠোফোনে কার সঙ্গে কথা বলে। ফোনে কথা না বলার জন্য তিনি একাধিকবার বারণও করেন। বিষয়টা মেনে নিতে না পেরে মায়ের সঙ্গে অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুযাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে জান্নাতির ঝুলন্ত লাশ দেখতে পাই। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠাই।

এ ঘটনায় মা জ্যোৎস্না বেগম বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় অপমৃত্যু মামলা করেছেন।