যুক্তরাজ্য থেকে ফিরলেই ৭ দিনের কোয়ারেন্টাইন: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের (কভিড-১৯) নতুন ধরন ছড়িয়ে পড়ায় যুক্তরাজ্য থেকে কেউ দেশে ফিরলে তাকে সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার আশকোনার হজক্যাম্পে বিদেশফেরত যাত্রীদের জিন এক্সপার্ট মেশিনে কভিড-১৯ শনাক্তকরণ, ভ্রাম্যমাণ আরটি পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার নতুন রূপে সবাই চিন্তিত। তবে নতুন ধরনের ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি আছে। সেই সক্ষমতাও আছে বাংলাদেশের।

তিনি বলেন, বয়স্কদের সতর্ক থাকতে হবে, পরতে হবে মাস্ক। ফ্লাইট বন্ধের বিষয়েও আলোচনা চলছে। অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

জাহিদ মালেক বলেন, যুক্তরাজ্য থেকে কেউ আসলে তাকে সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিমানবন্দরে তাদের জন্য আলাদা লাইন হবে। আর অন্য দেশ থেকে এলে কোয়ারেন্টাইন হবে তিন দিনের।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমেরিকায় করোনায় অনেকে মারা গেলেও বাংলাদেশে নিয়ন্ত্রণে আছে। তবে এক্ষেত্রে জনগণের সহায়তা জরুরি।