নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ২

নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইটবাহী হ্যান্ডট্রলির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে ১১নং পোলের গোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় সুলতানা আক্তার (২০) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ ও অটোরিকশা চালক ইদ্রিস মিয়া (৪৬) মারা যান। এ সময় সালেহা আক্তার (৬০) নামের আরও এক নারী আহত হয়েছেন।

নিহত সুলতানা আক্তার উপজেলার পূর্ব শোশালিয়া কাঠিয়া বাড়ী এলাকার মোহাম্মদ সোহাগের স্ত্রী এবং ইদ্রিস মিয়া একই এলাকার আব্দুল আজিজের ছেলে। আহত সালেহা আক্তার একই এলাকার মনির হোসেনের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুলতানা আক্তার কয়েক দিন আগে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি দশঘরিয়ায় আসেন। বুধবার সকালে মা সালেহা আক্তারকে নিয়ে চাটখিল হাসপাতালের উদ্দেশ্যে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের ১১নং পোলের গোড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি হ্যান্ডটাক্ট্রর রিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়।

এতে রিকশাটি উল্টে সড়কের পাশে ছিটকে পড়লে সুলতানা ও চালক ইদ্রিস ঘটনাস্থলে নিহত হন। ঘটনায় আহত হন গৃহবধূর মা সালেহা আক্তার।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হ্যান্ডট্রলিটি আটক করা হয়েছে।

আহত সালেহা আক্তারকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।