ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ক্ষেত্রে মামলাটির কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট বিভাগ যে আদেশ দেয় তা আপিল বিভাগেও বহাল রয়েছে।
হাইকোর্ট বিভাগের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষে আনা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট।
আপিল বিভাগের চেম্বার কোর্টের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষে আনা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে আজ এ আদেশ দেন।
ফলে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ওই মামলার কার্যক্রম স্থগিতই থাকছে বলে জানিয়েছেন প্রথম আলোর আইনজীবী ব্যারিষ্টার মোস্তাফিজুর রহমান খান।
মামলাটি বাতিল চেয়ে প্রথম আলো সম্পাদকের করা এক আবেদনের প্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট বিভাগ মামলাটির কার্যক্রম প্রথম আলোর সম্পাদকের ক্ষেত্রে ছয় মাসের জন্য স্থগিত করে। মতিউর রহমানের ক্ষেত্রে মামলাটির কার্যক্রম বাতিল প্রশ্নে রুলও জারি করেছে আদালত।
হাইকোর্ট বিভাগের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ২১ ডিসেম্বর আপিল বিভাগে আবেদন করে, যা আজ চেম্বার কোর্টে শুনানির জন্য তোলা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করে সহকারী এটর্নি জেনারেল এম সাইফুল আলম।
গত ৬ ডিসেম্বর হাইকোর্ট বিভাগে আবেদন করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ১০ ডিসেম্বর ও ১৩ ডিসেম্বর বিষয়টি নিয়ে শুনানি শেষে আদেশ দেয় হাইকোর্ট বিভাগ।
এর আগে গত ১২ নভেম্বর নাইমুলের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলো সম্পাদকসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত।
কিশোর আলোর সম্পাদক আনিসুল হককে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। একই সঙ্গে ১৪ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়।
গত বছরের ১ নভেম্বর ঢাকার রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠান ছিল। সেদিন মাঠে বিদ্যুৎস্পৃষ্ট হন ছাত্র নাইমুল। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।