মোদির উদ্দেশে রক্তে লেখা কৃষকদের খোলাচিঠি

বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে ভারতের কৃষকেরা শরীরের রক্ত দিয়ে খোলা চিঠি লিখলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি।

আনন্দবাজার পত্রিকা জানায়, মঙ্গলবার সিংঘু সীমান্তে আয়োজিত একটি শিবিরে রক্তদান করেন কৃষকেরা। তারপর সেই রক্ত দিয়ে প্রধানমন্ত্রীর মোদির প্রতি লেখা হয় খোলাচিঠি।

এদিকে কৃষক আন্দোলন ভিন্ন মাত্রা পাচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সিদ্ধান্তে। দলীয় সাংসদদের নিয়ে আগামী ২৪ ডিসেম্বর কৃষকদের সমর্থনে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন তিনি।

মঙ্গলবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমারের সঙ্গে আরও এক দফা বৈঠক করেছেন বিক্ষোভরত কৃষকেরা। সেই বৈঠক শেষে তোমার বলেন, ‘আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি কৃষক সংগঠনের সঙ্গে কেন্দ্রের ফের আলোচনা শুরু হবে।’

এসব ঘটনার মধ্যে এদিনের সবচেয়ে আলোচিত বিষয় কৃষকদের রক্ত দিয়ে খোলা চিঠি। কৃষি আইনে মূলত তিন ধারা নিয়ে আপত্তি ভারতের কৃষকদের।

খোলা চিঠিতে বলা হয়, ‘নরেন্দ্র মোদীজি, সুপ্রভাত। আমরা আমাদের রক্ত দিয়ে এই চিঠি লিখছি। আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের দেওয়া ভোটে জিতেই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনটি আইন পাস করিয়ে কৃষকদের বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনাকে অনুরোধ করি, এই তিনটি আইন ফিরিয়ে নিন’।

এর পাশাপাশি একাধিক স্লোগানও লিখেছেন কৃষকেরা। তারা লিখেছেন, ‘কালা কানুন ফিরিয়ে নিন’, ‘কালা কানুন বাতিল করতে হবে’।

সিংঘু সীমান্তে মঙ্গলবার প্রায় শতাধিক কৃষক রক্তদান করেন। সেখান থেকেই রক্ত নিয়ে পোস্টার লেখা হয়।

এদিকে দিল্লি পুলিশের পক্ষ থেকে সংবাদ সংস্থাকে বলা হয়েছে, ‘প্রতিবাদরত কৃষকদের সঙ্গে পুলিশের নিয়মিত যোগাযোগ রয়েছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায় সে দিকে নজর রাখছে পুলিশ।’

নিয়ন্ত্রণে রাখার কথা পুলিশ জানালেও ক্রমে যেন ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যে। মঙ্গলবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল আবারও।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের যাত্রাপথের মধ্যেই কালো পতাকা দেখালেন কৃষকেরা। কনভয়ের রাস্তা আটকানোর চেষ্টাও করেন তারা। কিন্তু পরে পুলিশের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

কৃষকেরা এখনও তাদের অবস্থানে অনড়। তারা বারবার বলছেন, তিনটি কৃষি আইন বাতিল না করলে দিল্লির আন্দোলন মঞ্চ ছেড়ে যাবেন না তারা। সরকারের পক্ষ থেকে একাধিক আলোচনা করা হলেও এখনও কোনও সমাধানের সূত্র মেলেনি।