বাস রুট রেশনালাইজেশনে চারটি স্থানে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ হলে শিগগিরই গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেছেন, হেমায়েতপুর ও বিরুলিয়ায় পরিপূর্ণ বাস টার্মিনালের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। আগামী বছর এগুলো বাস্তবায়ন করা গেলে ঢাকা মহানগরীর যানজট নিরসন হবে।
বুধবার সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাটুলিয়াপাড়া ও হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন দুটি এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তাপস।
তিনি আরও বলেন, আমরা গণপরিবহনকে শৃঙ্খলায় আনার কার্যক্রম হাতে নিয়েছি। ইতিমধ্যে ঢাকা সমন্বয় পরিবহন কর্তৃপক্ষের আওতায় কয়েকটি সভা করেছি। এরই অংশ হিসেবে ঢাকা সিটির আমরা দুই মেয়র জায়গা দুটি পরিদর্শন করলাম।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, মহাখালী বাস টার্মিনালে বর্তমানে তিনটি জেলার বাস আসছে, এ জন্য ওই এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। পরিবহন মালিক-শ্রমিক নেতাদের নিয়ে মহাখালীর জন্য আমরা বিরুলিয়ার বাটুলিয়া এবং গাবতলীর জন্য হেমায়েতপুর এলাকা দেখেছি। শহরের বাস গাবতলীতে ও আন্তঃজেলার বাস হেমায়েতপুরে থাকবে। বাকি দুটি বাস টার্মিনাল হবে কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীতে।