১২ বছরের ছোট প্রেমিককেই বিয়ে গওহর খানের

পাত্রের বয়স ২৫, আর পাত্রীর বয়স ৩৭- তবে ভালোবাসা থাকলে বয়স শুধুই একটা সংখ্যা। মাত্র মাসখানেকের পরিচয়েই জায়েদ দরবারকে বিয়ে করছেন বিগ বস তারকা গওহর খান।

টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস জানায়, ২৫ ডিসেম্বর বলিউডের সুরকার ইসমাইল দরবারের ছেলে জায়েদ দরবারের সঙ্গে বিয়ের পর্ব সারছেন অভিনেত্রী গওহর।

ইতিমধ্যে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এ জুটির। সোমবার শেষ হলো জমকালো গায়ে হলুদের অনুষ্ঠান।

রীতি মেনেই এ দিন হলুদ পোশাকে সাজলেন বর-বিবি। পোশাকের সঙ্গে মিল রেখেই সেজেছিলেন গওহর। নায়িকার গলায় কোনও গয়না ছিল না, তবে কানে ভারী ফুলের দুল এবং মাথায় ফুলের সাজ দেখা গেল।

কাছের বন্ধু ও পরিবারের উপস্থিতিতেই বিয়ের পর্ব সারছেন এই জুটি। মজার ব্যাপার হলো, লকডাউনে শুরু হয় তাদের প্রেম কাহিনি। কীভাবে প্রথম আলাপ, বন্ধুত্ব ও প্রেম, সেই কাহিনি প্রকাশ্যে মাত্র কয়েকদিন আগে।

বিয়ের ডিজিটাল কার্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন জায়েদ ও গওহর। সেখানে তাদের লকডাউনের দিনযাপন এবং ভালোবাসার গল্প তুলে ধরেছেন।

শপিং মলে বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে লকডাউনের সময় আলাপ এই জুটির। এরপর ফোনে মেসেজের আদান-প্রদান। জায়েদ নাকি মেসেজে গওহরকে ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা’ বলে সম্বোধন করেন, তাতেই মন গলে যায় প্রাক্তন বিগ বস প্রতিযোগীর।

এদিকে জায়েদের চরিত্র, ব্যবহার, আচার-আচরণ দেখে তাকে মনে ধরে যায় গওহরের। সেখানে থেকে দুজনের প্রেম এবং শেষে বিয়ের সিদ্ধান্ত।